চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শান্তিনিকতনে রুমকি দেবনাথ (২৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন নাথপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার শাশুড়ির নাম প্রভা নাথ (৪৫)। তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাথপাড়া এলাকার বাদল নাথের স্ত্রী। এর আগে সোমবার রাতে রুমকির ভাই সুকান্ত দেবনাথ বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় বোনের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিন জেলা বাঁশখালীর সরল ইউনিয়নের সমীর কান্তি নাথের মেয়ে রুমকির সঙ্গে রাঙ্গুনিয়ার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের নাথপাড়া এলাকার বাদল নাথের ছেলে রুবেল নাথের (২৮) কয়েক ধরে প্রেমের সম্পর্ক ছিল। বছর খানেক আগে তারা বিয়েও করেন। কিন্তু ছেলের পরিবার বিয়ের বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নেননি। বিয়ের পর রুমকিকে তারা নানাভাবে শারীরিক নির্যাতন করত।
এক পর্যায়ে সোমবার বিকালে রুমকির সঙ্গে শাশুড়ির ঝগড়া হয়। ঝগড়ার বিষয়টি বিকালেই রুমকির ভাই সুকান্তকে জানান তার শাশুড়ি।
পরে সন্ধ্যায় শাশুড়ি আবারও ফোন দিয়ে জানান যে, রুমকি স্ট্রোক করেছেন, তাকে ইছাখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। রাত ৮টার দিকে সুকান্ত হাসপাতালে গিয়ে তার বোনের লাশ দেখতে পান।
সুকান্ত অভিযোগ করে বলেন, তার বোনকে স্বামী ও শাশুড়ি মিলে গলা টিপে হত্যা করেছেন। তার গলার দুই পাশে কালো দাগ ও আঘাতের চিহ্ন রয়েছে। তিনি তার বোনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তার বোনের দেড় বছরের একটি কন্যাসন্তান আছে। অবুঝ শিশুটি যেন তাদের পরিবারে অবহেলার শিকার না হয়, সেই দাবিও জানান তিনি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রুমকি দেবনাথের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com