ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন ঈসা খাঁ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ছাত্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে ৪ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত উল্লাহ (২৮) ঈসা খাঁ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছে। একই গ্রামের আবদুুল্লাহ আল মামুন ওরফে সবুজের ছেলে আবুল হাসানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে (২৬) দ্বন্দ্ব চলে আসছিলেন। সেই দ্বন্দ্বে হাসান সাখাওয়াতকে প্রায় সময়ে হত্যার হুমকি দিতেন। এরই মাঝে শনিবার সাখাওয়াত উল্লাহ মাগরিবের নামাজের পর বাড়ি থেকে সোহাগী বাজারে যাওয়ার জন্য একটি ইজিবাইকে করে রওয়ানা হয়। কিছুদূর গিয়ে সাখাওয়াত ইজিবাইক থেকে দেখতে পায় আবুল হাসান (২৬), এহসান উল্লাহ (২৮) এবং সোহাগ মিয়া (২৬) একটি মোটরসাইকেলে করে পেছন থেকে তাকে অনুসরণ করছে।
এ অবস্থা দেখতে পেয়ে সাখাওয়াত তার ভগ্নিপতিকে ফোন করে দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসতে বলে। তারপর কিছুদূর এগিয়ে যেতেই মোটরসাইকেলে আসা ৩ জন মিলে ইজিবাইকটিকে থামিয়ে সাখাওয়াতকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তার ভগ্নিপতিকে খবর দেয়। এ সময় ভগ্নিপতি এসে তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করান।
এ ঘটনায় ৪ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। তবে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com