সিরাজগঞ্জে ছয়টি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ কোটি টাকা মূল্যের পাট পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার ভোর রাতে উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া পাটবন্দরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স উল্লাপাড়া স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর সারোয়ার খান জানান, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে জেলার উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া পাটবন্দর এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোখলেসুর রহমান ডাবলুর পাটের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন আশপাশের আরো অন্তত পাঁচটি গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উল্লাপাড়াসহ আশপাশের চারটি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ছয়টি গুদামের প্রায় ১৭ হাজার মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

