মোঃরফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা গ্রামের দিগন্তব্যাপী মাঠ। মাঠজুড়ে যেন বিছানো রয়েছে হলুদগালিচা। রঙের পাশাপাশি সরিষা ফুলের গন্ধে মাতোয়ারা পুরো এলাকা। প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যের নান্দনিক রূপে। সেই রূপে মুগ্ধ মৌমাছিরা গুঞ্জন তুলে ফুলে ফুলে পান করছে মধু।
বিলডোরা গ্রামের মতোই হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়নে বিভিন্ন গ্রামের মাঠে এবার কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে, এ বছর উপজেলায় ১৬ হাজার ৩৪ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে ইতোমধ্যে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৭ হাজার ৪০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ও কৃষি বিভাগ প্রণোদনা দেওয়ায় এবার আবাদ বেশি হয়েছে। সেই সঙ্গে পরিচর্যার কারণে ফলনও ভালো হবে বলে আশা কৃষকদের।
মোজাকান্দা গ্রামের কৃষক মোমতাজ মেম্বার বলেন, তিনি এক ২৫শতাংশ জমিতে সরিষার আবাদ করেছেন। এবার ঝড়বৃষ্টি না হওয়ায় সরিষার কোন ক্ষতি হয়নি। আবহাওয়া ভালো থাকায় এবার ফলন ভালো হবে বলে তিনি আশা করছেন।
একই গ্রামের কৃষক শামসুল ইসলাম বলেন, গত বছর বৃষ্টির কারণে সরিষা নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এবার এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তাঁর আশা, আগামীতে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ৩৫ শতাংশের ৭ থেকে সারে ৮ মণ ফলন পাবেন।
কৃষক হিমেল চৌধুরী ভাষ্য- এবার সরকারের পক্ষ থেকে তাঁদের সরিষার বীজ ও সার দেওয়া হয়েছে। এ কারণে এবার সরিষার ব্যাপক আবাদ হয়েছে। সয়াবিন তেলের যে দাম, তাতে কিনে খাওয়ার মতো অবস্থা নেই। তাই এবার সরিষার ফলন হলে সয়াবিন তেলের ওপর তাঁরা আর নির্ভর করবেন না। এবার নিজেদের জমির উৎপাদিত সরিষার তেল দিয়েই সারাবছর চালাবেন। সরিষা আবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। কোনো সমস্যা হলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিচ্ছেন।
হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর কৃষকদের পর্যাপ্ত সার ও বীজ দেওয়া হয়েছে। ফলন ভালো পেতে তাঁরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন। সেই সঙ্গে সরিষা ক্ষেতের পাশে মধু চাষ করাচ্ছেন। এতে যেমনি সরিষার ফলন বাড়ছে, তেমনি মধু উৎপাদনও হচ্ছে। তাঁরা এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষা পাবেন বলে আশা করছেন।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com