বার্তা ডেস্ক: রাজধানীর সবুজবাগের আমুলিয়া রোড বাইদ্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ডাম্প ট্রাক চালক মো. আলম (৪৮) আহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা ট্রাক মালিক গোলাম ফারুক বলেন, ভোর রাতে মালিবাগ এলাকা থেকে মাটি বহন করে বাইদ্দা এলাকায় মাটি ফেলতে যাচ্ছিলাম। সেখানে ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি ট্রাকের গ্লাসের দিকে ঢিল ছুড়ে ভেঙে ফেলে। পরে তারা আমাকে বলে ট্রাক থেকে নাম, না হলে গুলি করে মেরে ফেলবো। সে সময় আমিসহ আমার ট্রাকচালক নেমে দৌড়াতে থাকি। তখন পেছন থেকে দুর্বৃত্তরা গুলি করে। এতে আমার ট্রাকচালক আলমের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগে আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন. গুলিবিদ্ধ আহত ট্রাকচালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত আলম নওগাঁ সদর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মৃত মফিজ প্রামাণিকের ছেলে। বর্তমান নন্দীপাড়া ৫ নং রোড লকিতলা বাড়ি ভাড়াটিয়া সবুজবাগে থাকেন।

