প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ণ
রাস্তা নিয়ে দ্বন্দে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ

তৌকির আহাম্মেদ হাসু , জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসী উত্তরপাড়া এলাকায় চলাচলের রাস্তার জায়গা না দেওয়ায় প্রতিবেশীর মধ্যে দ্বন্দ চরম আকার ধারণ করেছে।দীর্ঘদিন থেকে চলে আসা দ্বন্দের জেরে বিভিন্ন সময় সালিশ বৈঠকও হয়েছে। তবুও কোন সমাধান হয়নি।
গতকাল সোমবার বিকেলে যাতায়াতের রাস্তা না দেওয়ায় কুপিয়ে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,সরিষাবাড়ী পৌরসভার বাউসী উত্তর পাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে ফুরকান আলম খান এর সাথে সোনাহর খানের ছেলে রুবেল, আরমান ও বাবুর সাথে দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার বিকেলে ফুরকান আলমের জায়গা দিয়ে আবারও জোরপূর্বক চলাচলের রাস্তা নিতে চাইলে ফুরকান আলম প্রতিবাদ করে। এ সময় ধারালো দেশীয় অস্ত্র রাম-দা লোহার রড, চাইনিজ কুড়াল, বাঁশের লাঠি নিয়ে রুবেল, আরমান ও বাবুসহ আরও ২০-২৫ জন দলবল সন্ত্রাসী নিয়ে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে।
ফুরকান খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা জোরপূর্বক আমার বাড়ির জায়গা দখল করে রাস্তা তৈরি করে। তখন আমি কিছুই করতে পারিনি এখন আমার জায়গা পুনরুদ্ধার করতে গেলে আবারও হামলা চালায়। আমি সরকারের কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি।
ফুরকানের স্ত্রী নাজমা বেগম বলেন, আমরা পরিবারের সকলেই জামালপুরে গিয়েছিলাম একটি বিশেষ কাজে। সেখান থেকে এসে খাওয়া-দাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম ঘরে। হঠাৎই অতর্কিত ভাবে রুবেলের নেতৃত্বে ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র রাম-দা লোহার রড, চাইনিজ কুড়াল, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। দুটি ঘর কুপিয়ে তছনছ করেছে এবং যাওয়ার সময় প্রাণ নাশের হুমকি দিয়ে যায়। বর্তমানে প্রাণনাশের আতঙ্কে তারা আছেন বলে জানান তিনি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com
স্বত্ব © ২০২২, দুর্নীতি বার্তা