বার্তা ডেস্ক: মাদারীপুরের শিবচরে ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি রনি মোল্লাকে (২৬) রোববার (২৭ অক্টোবর) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮। রনি জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সামাদখার কান্দি গ্রামের কাদির মোল্লার ছেলে।
রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের কোম্পানি কমান্ডার মীর মনির জানান, গত ১৩ সেপ্টেম্বর জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাছের হাওলাদার কান্দি গ্রামের ৯ বছরের এক শিশুকে পাশের সামাদখার কান্দি গ্রামের রনি মোল্লা (২৬) চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে কাশবনে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে অসুস্থ্য অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রনি মোল্লা তার বাড়ির সামনে রাখতে যায়। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন বাড়ির সামনে আসলে রনি পালিয়ে যায়। পরে ওই শিশুটি তার পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে। পরিবারের লোকজন চিকিৎসার জন্য প্রথমে শিশুটিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়। এরপর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রনি মোল্লাকে আসামি করে ১৫ সেপ্টম্বর শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলা দায়ের করা হয়। আসামি রনি মোল্লা পলাতক থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলার পাঁচ্চর এলাকায় অভিযান চালিয়ে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। রনিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com