Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

‘ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ পাবে’

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ১, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: আগামী দুই বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করব জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সামনে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। বিশ্বব্যাংকের সহযোগিতায় প্রশিক্ষণ, শিক্ষা বা এ ধরনের কার্যক্রমে যারা যুক্ত নেই, এমন ৯ লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়ার একটি কার্যক্রম আমাদের আসছে। এজন্য এগিয়ে আসতে হব যুব সমাজকে। তাদের নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস- ২০২৪ উদ্‌যাপন জাতীয় যুব পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর।

আওয়ামী সরকারের পতনের পর যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছিলেন তাদের সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা ৫ আগস্ট অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা, ট্রাফিক সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন তাদের সরকারের সকল কার্যক্রমে যুক্ত করা আমাদের অন্যতম উদ্দেশ্য। তারই অংশ হিসেবে ট্রাফিক কার্যক্রমের দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের আরও উন্নত প্রশিক্ষণের আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর এবং সেই প্রশিক্ষণকে কাজে লাগানোর জন্য সহায়ক পুলিশ হিসেবে তাদের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষে ৬৪টি জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিচ্ছন্নকরণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। পানিসম্পদ মন্ত্রণালয়কে এই কর্মসূচিতে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এর পাশাপাশি আমাদের আয়োজনের অংশ হিসেবে রয়েছে জাতীয় যুব মেলা। আগামীকাল (২ নভেম্বর) থেকে সাত দিনব্যাপী সেই যুব মেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।