
তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে সরকারের খাস জমি ও জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ৪ দিন আগে পৌরসভার কর্তৃপক্ষের মাইকিং সহ নোটিশের মাধ্যমে ঘোষণা অনুযায়ী বুধবার (১০ই সেপ্টেম্বর/২৫) সকাল থেকেই বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের দুই পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। পূর্ব ঘোষিত উচ্ছেদ কার্যক্রম শুরুর আগেই ৮৫ ভাগ দোকানপাট নিজ নিজ অবৈধ দখল ছেড়ে দেয়, বাকি দখলদারদের সিংহভাগও ধীরে ধীরে দখল ছেড়ে মালামাল সরিয়ে নেয়। তবে, গুটিকয়েক অবৈধ দখলদারকে সরাতে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় এ সময় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। সাথে ছিলেন তারাকান্দা অস্থায়ী আর্মি ক্যাম্পের নব যোগদানকৃত মেজরের নির্দেশক্রমে ক্যাপ্টেন খালিদ সহ একটি টিম, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি সহ পুলিশের একটি টিম, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌরসভার সংশ্লিষ্ট বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ।
তবে নানান সুপারিশ থাকলেও এ উচ্ছেদ অভিযানকে বিভিন্ন দলে নেতাকর্মী ও ইজারাদার সাধুবাদ ও স্বাগতম জানানিয়ে বলেন, এ অভিযানে মানুষের চলাচলের পথকে সহজ ও সুন্দর করবে। বিগত দিনে অবৈধ দোকানপাট বসিয়ে কিছু অসাধু রাজনৈতিক নেতাকর্মী চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন। বর্তমানেও কিছু লোক একই কায়দায় জায়গা দখল করে চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আবার অনেক বিএনপির নেতাকর্মী বলছেন আমরা চাই না আমাদের দলের কেউ অবৈধ দখলদারদের পাশে থেকে এমন অপকর্মের সাথে যুক্ত হোক। ব্রিজের ওপর মানুষের হাঁটার জায়গায় দোকানদারি চিরতরে বন্ধ হোক। আমরা চাই ফুলপুর বাস স্ট্যান্ড যানজটমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন হোক। তবে এর উচ্ছেদের পাশাপাশি আমরা এটাও চাই যে, দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়িকদের জন্য একটি স্থায়ী ও সুপরিকল্পিত বাজার ব্যবস্থা করা হয় যেন।তারা কিন্তু আমাদের সমাজেরই মানুষ, আমাদের আপনজন। তাদের পূর্ণবাসনের মাধ্যমে আমরা একটি সুন্দর ও টেকসই সমাধান আশা করি।
ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং এসিল্যান্ড তাসনীম জাহান বলেন, রাস্তার যানজট নিরসনে মহাসড়কের যায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ যানজট নিরসনের জন্য রাস্তার দোকানপাট সরিয়ে দেয়া হয়। জনগণের চলাচলের যায়গায় প্রতিবন্ধকতা তৈরি না করতেও সবাইকে অনুরোধ করেন। এছাড়াও জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ২০২০ সালে শেরপুর থেকে রগুরামপুর (শম্ভুগঞ্জ) পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণে এমন উচ্ছেদ অভিযান হয় (১৭ অক্টোবর)। তখন যানজট নিরসনে সড়কটি পূর্বের ১৮ ফুট প্রশস্ত থেকে বাড়িয়ে ৩৪ ফুট প্রশস্ত করা হয়। তাই ওই সময় এ বাসস্ট্যান্ড এলাকার দুই পাশে আরো ১০ ফুট করে প্রশস্তকরণের সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ বিভাগ, ময়মনসিংহ। এজন্যই তখন এমন উচ্ছেদ অভিযান হয়েছিল।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com