Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের সরঞ্জাম সরবরাহ শুরু

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটের সরঞ্জাম কেনাকাটা ও সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে এসব সরঞ্জাম ধাপে ধাপে নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছানো শুরু হয়েছে।

নির্বাচন কমিশনে জানা যায়, কয়েক মাস আগে দেওয়া কার্যাদেশের ভিত্তিতে সেপ্টেম্বরের শুরু থেকে অন্তত ছয়টি ভোটের সামগ্রী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংরক্ষণ করা হচ্ছে। ১১ সেপ্টেম্বরও নতুন চালান এসেছে এবং রোববার (১৪ সেপ্টেম্বর) আরও কিছু সরঞ্জাম পৌঁছেছে।

নির্বাচন কমিশনের উপ-সচিব রাশেদুল ইসলাম জানান, লাল গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, বড় ও ছোট হেসিয়ান ব্যাগের সরবরাহ শুরু হয়েছে। বড় ও ছোট হেসিয়ান ব্যাগের চাহিদার সব সরবরাহ সম্পন্ন হয়েছে।

অগ্রগতি অনুযায়ী, লাল গালার ২৩ হাজার কেজির চাহিদার এক চতুর্থাংশ পৌঁছেছে। স্বচ্ছ ব্যালট বাক্সের ৫০ লাখ লকের মধ্যে পাঁচ লাখ সরবরাহ শুরু হয়েছে। ৮ লাখ ৪০ হাজার অফিসিয়াল সিলের চাহিদার পাঁচ লাখ সরবরাহ হয়েছে। মার্কিং সিলের ১৭ লাখ ৫০ হাজার চাহিদার বিপরীতে দেড় লাখ সরবরাহ করা হয়েছে।

ব্রাস সিলের ১ লাখ ১৫ হাজার ও গানি ব্যাগের ১ লাখ ১৫ হাজার চাহিদা রিটেন্ডারের কারণে এখনও সরবরাহ শুরু হয়নি।

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ আগস্টের শুরুতে জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনি সরঞ্জাম কেনাকাটা শেষ হবে। তিনি আশা প্রকাশ করেন, সময়মতো সব সরবরাহ সম্পন্ন হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তা জানান, ভোটের অধিকাংশ সামগ্রী কেন্দ্র থেকে সরবরাহ করা হয়, তবে কিছু সামগ্রী রিটার্নিং অফিসারকে স্থানীয়ভাবে সংগ্রহ করতে হয়। ভোট কেন্দ্র ও বুথের জন্য প্রয়োজনীয় প্রায় ২১ ধরনের জিনিসের মধ্যে রয়েছে—সুঁই-সুতা, দিয়াশলাই, আঠা, কলম, প্লাস্টিকের পাত ইত্যাদি। সব কেন্দ্র ও ভোটকেন্দ্রে নির্বাচনের আগে নিরাপত্তার মধ্য দিয়ে সামগ্রী পৌঁছে দেওয়া হবে।