Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হেফাজত আমিরের বক্তব্যের নিন্দা জানাল জামায়াতে ইসলামী

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৩:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যকে ‘অসত্য ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় প্রকাশিত বাবুনগরীর বক্তব্য—“জামায়াত সরকারে এলে কওমী, দেওবন্দী ও সুন্নিয়াত মাদরাসার অস্তিত্ব থাকবে না”—একেবারেই মনগড়া এবং এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বরেণ্য আলেম হিসেবে তার মুখে এমন মন্তব্য শোভা পায় না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত নেতা এহসানুল মাহবুব আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ইসলামী ধারার রাজনৈতিক দল, যারা প্রতিষ্ঠালগ্ন থেকেই মসজিদ, মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের খেদমতে নিয়োজিত। জামায়াতের বহু নেতাকর্মী কওমী মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে যুক্ত।

তিনি স্মরণ করিয়ে দেন, ২০০১-২০০৬ মেয়াদে জামায়াতের দুজন মন্ত্রী ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনো কওমী বা দেওবন্দী মাদরাসার বিরোধিতা হয়নি, বরং সহযোগিতা করা হয়েছে। তাই বাবুনগরীর মন্তব্যকে তিনি ‘প্রোপাগান্ডা’ আখ্যা দিয়ে বলেন, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্যে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।