Durnitibarta.com
ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইল সদরের মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কুইজবাড়ি বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় এলাকায় আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কুইজবাড়ি বাজার পশ্চিমে অবস্থিত লিওন বেকারিতে প্রবেশ করে ৪–৫ জন মুখোশধারী সন্ত্রাসী। তারা বেকারির মালিক এসএম আনিছুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় উত্তেজনা ও শঙ্কা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক পরিচয়ের কারণে এই হত্যাকাণ্ড কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।