Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভোটারদের আস্থা নিশ্চিত করাই অন্যতম দায়িত্ব: তারেক রহমান

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করাই বিএনপির অন্যতম দায়িত্ব।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপি তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে ছুটে যাচ্ছে। এর মাধ্যমে দল সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

তারেক রহমান জানান, নানা অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে সাত হাজারেরও বেশি দলের সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকে বহিষ্কৃত হয়েছেন। তিনি বলেন, “শৃঙ্খলা দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আমরা প্রমাণ করেছি যে, বিএনপি সততার ব্যাপারে আন্তরিক।”

তিনি আরও লিখেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনকে প্রাধান্য দিয়ে ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে বিএনপির নীতিমালা গড়ে উঠেছে। এ ছাড়া নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তারেক রহমান বলেন, “তরুণরা চায় বাস্তব সুযোগ, ফাঁকা বুলি নয়। জনগণ চায় স্থিতিশীলতা, বিশৃঙ্খলা নয়। আর বিশ্ব চায় বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক রাষ্ট্র। এসব প্রত্যাশা পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি বিএনপির সহকর্মী ও নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান— ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ থেকে জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকতে। তারেক রহমানের ভাষায়, “আমি যেমন আপনাদের ওপর আস্থা রাখি, আপনারাও আমার ওপর আস্থা রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল, ইনশাআল্লাহ।”