ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিল (সিএ)-এ বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নির্বাচনে ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে বাংলাদেশ নবম স্থান অর্জন করে। এতে টানা দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য কাউন্সিলের সদস্যপদ লাভ করে দেশটি।
বার্তায় উল্লেখ করা হয়, আগের মেয়াদে বাংলাদেশ সীমিত ভূমিকা রাখে—২০২১ সালের নভেম্বরে মাত্র একটি সরাসরি বৈঠকে অংশ নিলেও বাকিগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিল। ফলে বড় কোনো অবদান রাখার সুযোগ হয়নি। এ কারণে পুনর্নির্বাচন প্রক্রিয়ায় শঙ্কা থাকলেও কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশ সেই চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এ ফলাফলকে কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন।

