জাতীয়তাবাদী তাঁতী দল ময়মনসিংহ কোতোয়ালি থানা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার লিংকন-এর বসতবাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। ৪ জানুয়ারি (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চরকালীবাড়ী এলাকায় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল বাশার লিংকন-এর ক্রয়কৃত (সাফকাওলা) জমির রাস্তা দখলের চেষ্টা করে আসছিল স্থানীয় আওয়ামী লীগ কর্মী শামীম মিয়া, জাহাঙ্গীর, ফারুক, রুবেল ও বজলুগংসহ একটি চক্র। এ বিষয়ে প্রতিকার চেয়ে লিংকন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তভার পান এসআই রিপন চন্দ্র সরকার।
তদন্তের অংশ হিসেবে এসআই রিপন চন্দ্র শামীম মিয়াকে ফোনে বিষয়টি জানালে শামীম ক্ষিপ্ত হয়ে তার বাহিনী নিয়ে লিংকনের বাড়িতে হামলা চালায়। সে সময় লিংকন বাড়িতে একা থাকায় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে তল্লাশি করে হামলাকারীরা ড্রয়ারে রাখা নগদ ২ লাখ টাকা এবং প্রায় ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী জানায়, হামলার মূল হোতা শামীম মিয়া একজন চিহ্নিত মাদকসেবী ও মাদক কারবারি। এলাকায় সে ‘নিশা জগতের সম্রাট’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ছিনতাই, জমি দখলসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।
আবুল বাশার লিংকন জানান, বিগত আওয়ামী শাসনামলে তিনি একাধিকবার জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পরও এমন বেপরোয়া হামলায় তিনি গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

