তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকারের উপপরিচালক মো: আশিক নুর এর নেতৃত্বে অত্র জেলার ৭ উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ই জানুয়ারী/২৬) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেই ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট, ধোবাউরা, গৌরিপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার সকল ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাহাত চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, একাডেমি সুপারভাইজার পরিতোষ সূত্রধর প্রমূখ।
উপপরিচালক মোঃ আশিক নুর ও ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মপরিকল্পনার অংশ হিসেবে জন্ম ও মৃত্যু নিবন্ধন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম। স্কুলে ভর্তি, বিবাহ নিবন্ধন, পাসপোর্ট তৈরি, এমনকি সরকারি ভাতা ও ভিজিএফ কার্ড পেতে হলে জন্মনিবন্ধন সনদ অপরিহার্য। অনেকেই না জানার কারণে নিবন্ধন প্রক্রিয়াকে অবহেলা করেন। আরো বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের সচিবগণ এ কাজে মূল ভূমিকা রেখে চলেছেন। তবে কিছু জায়গায় সচেতনতার ঘাটতি ও কারিগরি সমস্যার কারণে প্রত্যাশিত অগ্রগতি পাওয়া যাচ্ছে না। এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এছাড়াও এ পর্যালোচনা সভার মাধ্যমে ময়মনসিংহ জেলার জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অগ্রগতি আনতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় ইউনিয়ন সচিবরা মাঠ পর্যায়ে তাদের কাজের নানা সমস্যা স্থানীয় সরকারের উপপরিচালকের সামনে তুলে ধরে বলেন, অনেক সময় গ্রামাঞ্চলে জনগণ জন্ম বা মৃত্যু নিবন্ধনকে গুরুত্ব দেন না। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের তথ্য সংগ্রহে সমস্যায় পড়তে হয়। এছাড়া অনলাইন নিবন্ধন ব্যবস্থায় ইন্টারনেট সংকট, জনবল ঘাটতি এবং নাগরিক সচেতনতার অভাবতো রয়েছেই।

