আসাদুল্লাহ হাদিস: আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি এই জনকল্যাণমূলক পরিকল্পনার কথা জানান এবং উপজেলার সকল রাজনৈতিক দলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্যের এই মহতী আহ্বানকে স্বাগত জানিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন। দলীয় কর্মীদের মতে, গত বছর উপজেলা প্রশাসন ভর্তুকি মূল্যে যে উদ্যোগ নিয়েছিল, এবার সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে তা আরও বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করা সম্ভব।
এ বিষয়ে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “রাজনীতি হওয়া উচিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে আমি চাই না ঈশ্বরগঞ্জের কোনো পরিবার রমজানে মাংসের স্বাদ থেকে বঞ্চিত থাকুক। গত বছর প্রশাসন সাধ্যমতো চেষ্টা করেছে, এবার আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে সেই ধারা আরও বড় পরিসরে এগিয়ে নিতে চাই। দল-মত নির্বিশেষে আসুন, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই। সবাই মিলে গড়ে তুলি একটি মানবিক ও ‘ভালো ঈশ্বরগঞ্জ’।”
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সফল হলে রমজানে গরিব ও মধ্যবিত্ত মানুষ স্বস্তিতে মাংস কিনতে পারবেন।
এদিকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা জানান, “আমরা চাই ঈশ্বরগঞ্জ হবে একটি মানবিক ও আদর্শ উপজেলা। এমপি মহোদয় সাধারণ মানুষের স্বার্থে যে উদ্যোগের কথা বলেছেন, আমরা তাতে একমত। মানুষের দুর্ভোগ কমানোর জন্য দলমত নির্বিশেষে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।”
উপজেলার সাধারণ মানুষ এই ঐক্যবদ্ধ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, বড় দলগুলো যদি এভাবে সাধারণ মানুষের খাবারের প্লেটে স্বস্তি ফেরাতে এক কাতারে দাঁড়ায়, তবে তা সারা দেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

