পটুয়াখালী জেলা কারাগারে বন্দি দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, বিকেলে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
পটুয়াখালী জেলা কারাগারের চিকিৎসক মো. জিয়া বলেন, শফিকুল ইসলাম খাঁন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে পুনরায় কারাগারে আনা হয়। তার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক ছিল।
পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া জানান, তার হার্টে ব্লক ছিল এবং নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হতো। শুক্রবার বিকালে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
কারা সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক মামলায় ২০২৫ সালের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার মরদেহ শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

