Durnitibarta.com
ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ১, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ নগরীর নাটকঘর লেন এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কাজল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ভিকটিম শিশুটি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে অভিযুক্ত কাজল চক্রবর্তী প্রতিবেশী ওই শিশুকে কৌশলে নিজের বাসায় ডেকে নিয়ে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে ভয়ভীতি প্রদর্শন করে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। শিশুটি বাসায় ফিরে কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, বিষয়টি নিয়ে অভিযুক্তের পরিবারের কাছে বিচার চাইতে গেলে তারা ঘটনাটি অস্বীকার করে এবং উল্টো ভিকটিমের পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। এদিকে ঘটনার পর থেকেই শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তার অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানান।

কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, অভিযুক্ত কাজল চক্রবর্তীকে (৬৫) ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তিনি নগরীর ৩০/৪ নাটকঘর লেন এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রাখা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।