Durnitibarta.com
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সজাগ আছি: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ২, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণে সরেজমিনে মনিটরিং করেছেন শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম। রোববার (১ মার্চ) বিকেলে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে জেলা শহরের ঐতিহ্যবাহী বড়বাজার তদারকি করেন তিনি।

মনিটরিংকালে প্রতিমন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি ভোক্তাদের স্বার্থ রক্ষায় নির্ধারিত মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, আমরা যখন দায়িত্ব নিয়েছি এর দুইদিন পরে রমজান শুরু হয়েছে। স্বাভাবিকভাবে আমরা একটু কনসার্ন বেশি। আমরা যদি আগে থেকে কাজ করতে পারতাম, তাহলে বাজারের বিষয়ে আরও বেশি পদক্ষেপ নিতে পারতাম। বিগত পদক্ষেপের ওপর ভর করেই আমরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, আলহামদুলিল্লাহ তারা সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জ্বালানির ওপর নির্ভর অনেক কিছু। শিল্প উৎপাদন, বাজার পরিস্থিতি এগুলোতে কিছু ইফেক্ট হতে পারে, বাট আমরা সজাগ আছি, আমরা সকল পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সরকার অত্যন্ত সজাগ এ ব্যাপারে। এ ব্যাপারে আমরা বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় বিভিন্নভাবে যোগাযোগ রাখছি। দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়।

বাজার মনিটরিংয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন,  জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন।