
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার (১৩ মার্চ) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে বলে দলের পক্ষ থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) জানানো হয়েছে।
মির্জা আব্বাস গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারান। অবস্থার দ্রুত উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে অবস্থানকালে মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হাসপাতালে উপস্থিত থাকাকালীন মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় মহান আল্লাহর কাছে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন। জামায়াত আমিরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।
এছাড়া মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা সকলেই তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি খোঁজেন।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com