Durnitibarta.com
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

এক রাতে ৬ কৃষকের গোয়ালঘরে হানা,১১টি গরু চুরি—গৌরীপুরে আতঙ্ক

প্রতিবেদক
Editor
এপ্রিল ১৫, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সংঘবদ্ধ চোরচক্রের তৎপরতায় এক রাতে ছয় কৃষকের গোয়ালঘর থেকে ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬), বাংলা নববর্ষের প্রথম প্রহরের শেষ রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পুম্বাইল গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে কামাল হোসেন (৪০) বাদী হয়ে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৩টা থেকে ৪টার মধ্যে চোরেরা কামাল হোসেনের গোয়ালঘর থেকে প্রায় ২টি গাভী চুরি করে নিয়ে যায়। একই রাতে পুম্বাইল গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোস্তফা মিয়ার গোয়ালঘর থেকে ১ লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু চুরি হয়। তার ভাই ওমর ফারুকের গোয়ালঘর থেকেও প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় ও একটি গাভী চুরি করে নিয়ে যায় চোরেরা। এছাড়া, মৃত হাসান আলীর ছেলে আব্দুল আজিজের গোয়ালঘর থেকে প্রায় ২টি গাভী, বিশ্বনাথপুর গ্রামের মৃত মতিউর রহমান ফকিরের ছেলে মোজাম্মেল হকের গোয়ালঘর থেকে ৬০ হাজার টাকা মূল্যের একটি গাভী চুরি হয়। অন্যদিকে, একই রাতে গাঁওরামগোপালপুর গ্রামের মৃত জিলফত আলীর ছেলে আব্দুল হেলিমের গোয়ালঘর থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ৩টি গরু চুরি হয়। স্থানীয় কৃষক নবী হোসেন বলেন, “গরু রক্ষার জন্য আমরা এখন গোয়ালঘরে রাত কাটাই। অনেকেই মধ্যরাত পর্যন্ত পাহারা দেই। তারপরও চোরেরা কৌশলে গরু নিয়ে যাচ্ছে।”
এর আগে একই ইউনিয়নে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। বিশ্বনাথপুর গ্রামের শহিদুল ইসলামের প্রায় ৫ লাখ টাকা মূল্যের ২টি ষাঁড়, ১টি বকনা বাছুর ও একটি গাভী, পুম্বাইল গ্রামের মামুন মিয়ার একটি ষাঁড় বাছুর এবং হাবিবুর রহমানের একটি ষাঁড় গরুসহ ৫টি বকনা বাছুর চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও চোরাইকৃত গরু উদ্ধারে পুলিশ কাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার করে গরু চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।