Durnitibarta.com
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা

প্রতিবেদক
Editor
এপ্রিল ২২, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে আয়োজিত এসব সভায় হাসপাতাল মালিক-পরিচালক এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাহাত চৌধুরী এবং আবাসিক মেডিকেল অফিসার ডা: সাদ মাহমুদ জয় উপস্থিত থেকে বিভিন্ন অনিয়ম প্রতিরোধ ও সেবার মানোন্নয়নে একাধিক নির্দেশনা দেন।
নির্দেশনা অনুযায়ী, হাসপাতাল প্রাঙ্গণ দালালমুক্ত রাখতে হবে এবং সরকার নির্ধারিত সময়ের বাইরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে অবস্থান ও অনুমতি ছাড়া ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া এমএ/ডিআর নম্বর ছাড়া কোনো ওষুধ প্রেসক্রিপশনে না লেখার বিষয়ে সতর্ক করা হয়। বিএমডিসি/বিএনসিসি অনুমোদিত মানদণ্ড অনুযায়ী মেডিকেল অফিসার ও নার্স নিয়োগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। সভায় বক্তারা জানান, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং অনিয়ম কমে আসবে। নিয়মিত তদারকির মাধ্যমে নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করা হবে বলেও জানানো হয়।