তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
'পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো সোনার বাংলাদেশ' প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) শুরু হয়েছে।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সকালে উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্যদিয়ে পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রাহাত চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, ডেন্টাল ডাক্তার সবুজ, পৌরসভার মোস্তফা কামাল, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি প্রমূখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদ মাহামুদ জয় এর সঞ্চালনায় বক্তারা তাদের বক্তব্যে সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরে পুষ্টি বৈষম্য দূরীকরণে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজের সচেতনতা বাড়ানো জরুরি। একটি সুস্থ, সবল ও স্বনির্ভর জাতি গঠনে পুষ্টির বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন। এছাড়াও এ সময় শিশুদের হাম রুবেলা সম্পর্কেও আলোচনা করা হয়।
এ সময় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল শুরু হওয়া এ পুষ্টি সপ্তাহ আগামী ২৯ এপ্রিল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, পুষ্টিকর খাবার বিষয়ক আলোচনা এবং রন্ধন প্রতিযোগিতা। পুষ্টি সপ্তাহকে ঘিরে উপজেলাজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com