নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে মজুতদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি। তিনি ব্যবসায়ীদের হালাল ব্যবসা পরিচালনার পাশাপাশি চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অধিক মুনাফার আশায় যারা নিত্যপণ্য অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেন, তারা দেশ ও জাতির শত্রু। ইসলামে মজুতদারি ব্যবসা হারাম এবং সরকার এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, “চাঁদাবাজ যে-ই হোক, কোনো দল বা ব্যক্তির পরিচয় বিবেচ্য নয়—আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহযোগিতা করুন।”
সভায় প্রতিমন্ত্রী গৌরীপুরের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি পৌর এলাকায় শিশুদের জন্য একটি বিনোদন পার্ক নির্মাণের ঘোষণাও দেন।
গৌরীপুর সম্মিলিত ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক মো. মাহবুবুল আলম ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আলী আকবর আনিছের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি মো. মুক্তার উদ্দিন চৌধুরী, ধান ও পাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আহাম্মদ এবং গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র পালসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এর আগে, একই দিন দুপুর ১টায় প্রতিমন্ত্রী পৌর এলাকার বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস এবং গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

