Durnitibarta.com
ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

প্রতিবেদক
Dhaka Office
মে ৬, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জিয়াদ প্রিন্সকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৬ মে ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পুটিয়া বাজার এলাকার একটি সেলুন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে আব্দুল্লাহ জিয়াদ প্রিন্স পুটিয়া বাজারে অবস্থান করছেন। পরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেনের নেতৃত্বে এসআই শামীমসহ পুলিশের একটি চৌকস দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেলুনে চুল কাটা অবস্থায় প্রিন্সকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃত আব্দুল্লাহ জিহাদ প্রিন্স উপজেলার পুরা পুটিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ৪নং সিংহেশ্বর ইউনিয়নের একজন সক্রিয় রাজনৈতিক কর্মী ও উপজেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, গ্রেফতারকৃত প্রিন্স একাধিক মামলার এজাহারভুক্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি ফুলপুর থানার ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডের একটি মামলা (নং-০৪/০৮/২৪) এবং ২০২৫ সালের একটি ওয়ারেন্টভুক্ত মামলার (নং-৪/০৭/২৫) আসামি।

ওসি আরও নিশ্চিত করেছেন যে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরেই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।