Durnitibarta.com
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Dhaka Office
মে ১৭, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

‎জাহাঈীর আলম, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। শনিবার (১৬ মে) সন্ধ্যার পর সড়কে আগুন জ্বালিয়ে কয়েক’শ ব্যবসায়ী মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করতে যান ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এসময় ফুটপাতের ব্যবসায়ীরা উচ্ছেদ অভিযানে বাধা দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

‎এসময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে প্রশাসনের উদ্যোগের প্রতিবাদে ক্ষুব্ধ ব্যবসায়ীরা সড়কে টায়ার ও বিভিন্ন বস্তুতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

‎অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে দাবির বিষয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও যানচলাচল স্বাভাবিক হয়।

‎ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ উচ্ছেদ অভিযানের কারণে তারা ক্ষতির মুখে পড়েছেন। বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ না করার দাবি জানান তারা।

‎এ বিষয়ে ভরাডেবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, মহাসড়কের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সিডষ্টোর বাজার এলাতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হলে ব্যবসায়ীরা মহাসড়কে নেমে আসে। এসময় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ ছিলো। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।