নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের মুক্তাগাছায় ঘুমন্ত নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার (১৭ মে/২০২৬) রাত আনুমানিক সাড়ে ৬টার দিকে মুক্তাগাছা উপজেলার ভাবকির মোড় এলাকায় অভিযান চালিয়ে সদর কোম্পানি, র্যাব-১৪ এর একটি আভিযানিক দল অভিযুক্ত মোঃ মিজান (৫০) কে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে মুক্তাগাছায় একটি ভাড়াবাসায় বসবাস করতেন। তার স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। একই বাসার পাশের কক্ষে অভিযুক্ত ডেকোরেশনের মালামাল সংরক্ষণ করতেন এবং মাঝে মধ্যে সেখানে রাতযাপন করতেন।
গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে ভুক্তভোগীর স্বামী বাড়িতে গেলে তিনি বাসায় একা ছিলেন। গভীর রাতে অভিযুক্ত সিলিংয়ের ফাঁকা অংশ দিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৪ জানায়, ঘটনার পর থেকেই তারা ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবশেষে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com