
বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে একটি ট্রাভেলস অফিসে ঢুকে জোরপূর্বক মোটা অঙ্কের চাঁদা দাবি, ব্যবসায়ীকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাজিতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাজিতপুর ডাকবাংলা মোড়ে ‘মাহি-মারিয়া ট্রাভেলস’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক রাবারকান্দি এলাকার মৃত সিরাজুল হকের ছেলে মেহেদী আল মামুন (৪৫)। গত ১৫ মে (২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পূর্ব মথুরাপুর এলাকার নূরে আলম (৩৫), জসিম (৪০) ও অমিত (২০)-সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন যুবক জোরপূর্বক তাঁর অফিসে প্রবেশ করে।
সেখানে ১ নং অভিযুক্ত নূরে আলম ব্যবসায়ী মামুনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে ব্যবসায়ী মামুনকে মারধরের উদ্দেশ্যে অফিস থেকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনা হয়।
ভুক্তভোগী মেহেদী আল মামুন জানান, বিবাদীরা তাকে চরম হুমকি দিয়ে বলেছে যে, মথুরাপুর এলাকার কোনো লোককে বিদেশে পাঠাতে হলে আগামী ১৭ মে’র মধ্যে তাদের দাবিকৃত চাঁদার টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় তাঁর অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং তাঁকে প্রাণনাশের শিকার হতে হবে।
ঘটনার সময় স্থানীয় মোবারক, দুর্জয় ও বাদল মিয়াসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী এগিয়ে আসলে অভিযুক্তরা স্থান ত্যাগ করে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। এলাকায় প্রভাবশালী মহলের চাপের কারণে স্থানীয়ভাবে কোনো বিচার না পেয়ে তিনি আইনি সহায়তার জন্য বাজিতপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক দ্রুত জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com