ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সফর সফল করতে অগ্রগামী নিরাপত্তা দলের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে/২৬) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর অ্যাডভান্সড কমান্ডের মেজর আশিক, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। সভায় প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিভিআইপি ব্যক্তিদের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা,জরুরি সেবা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসএসএফের অ্যাডভান্সড কমান্ডের মেজর আশিক বলেন, প্রধানমন্ত্রী ও ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। নিরাপত্তার প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন,প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সকল দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং অগ্রগামী নিরাপত্তা দলের সদস্যরা।

