নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (২৪ মে ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ আলালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ রুবেল মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে ০৪ (চার) কেজি গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতার রুবেল মিয়া শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ১২ নং কলসপাড় ইউনিয়নের সাগরদি কৃষ্ণপটি এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

