নিজস্ব প্রতিবেদক :
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং যানজট নিরসনে হালুয়াঘাট উপজেলার ধারা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৩১ মে/২৬) জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি।
অভিযানকালে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় পরিবহন ব্যবস্থাপনা, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় এবং ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শনের বিষয়গুলো তদারকি করা হয়। অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড আরোপ করা হয়।
এ সময় পরিবহন মালিক, চালক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে যাত্রীদের কাছ থেকে কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদের সঙ্গে সদাচরণ, নির্ধারিত ভাড়া তালিকা অনুসরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি বলেন, জনস্বার্থে এবং ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় বা আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাত্রীসেবা নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনভোগান্তি কমাতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।

