নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অপসারণ ও তাঁর নিয়োগ বাতিলের দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (১ জুন/২৬) সকালে ‘গৌরীপুর বাসী’ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একপর্যায়ে শিক্ষা অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনকারীদের অভিযোগ, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সাবেক আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার বাদী। এছাড়া জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি মামলায়ও তাঁর নাম রয়েছে বলে দাবি করেন তারা।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে তড়িঘড়ি করে আর্থিক লেনদেনের মাধ্যমে তাঁকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির কয়েকজন সদস্য এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ ওঠে। এ বিষয়ে বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক মো. মোস্তফা কামাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি আন্দোলনকারীদের।
তাদের অভিযোগ, বরখাস্তের পরিবর্তে চলতি বছরের মার্চ মাসে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের এমপিও অনুমোদন দেওয়া হয় এবং বর্তমানে তিনি নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করছেন। আন্দোলনকারী শহিদুল ইসলাম মিল্টন বলেন, “একজন বিতর্কিত ব্যক্তির এমপিও অনুমোদনের খবর জানার পর আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। তাঁর নিয়োগ বাতিল ও অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন,“সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানো অনাকাঙ্ক্ষিত। আন্দোলনকারীদের স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। বিষয়টি আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com