নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে রানা মিয়া (২৮) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জামায়াতের এক নেতার ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রানা মিয়া নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকার মৃত শরাফ উদ্দিনের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টার দিকে চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায় সংঘর্ষের সময় রানা মিয়া ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মফিদুল ইসলাম মাস্টারের ছেলে মাহমুদুল ইসলাম মাহিন (২০), তোফাজ্জল হোসেন (৪০), হুমায়ুন কবীর আকাশ (২৩) ও মনিরুল ইসলাম (২৪)। বুধবার (৩ জুন) তাদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
নিহতের বড় ভাই মোফাজ্জর হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মফিদুল ইসলাম মাস্টারসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১২ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নিহতের স্বজনদের দাবি, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, ঘটনার সময় মাহমুদুল ইসলাম মাহিন রানা মিয়াকে ছুরিকাঘাত করেন। তবে অভিযুক্ত মফিদুল ইসলাম মাস্টার অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঘটনার সময় তিনি বা তার ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এদিকে, ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান বলেছেন, ঘটনাটি রাজনৈতিক নয়; গোষ্ঠীগত বিরোধের জেরে সংঘটিত হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com