নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হাসপাতাল এলাকার নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও আধুনিক ল্যাব ওয়ান-এ বিভিন্ন অনিয়ম এবং বৈধ লাইসেন্সের ঘাটতি পাওয়া যায়। পরে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়। এছাড়া নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন এবং নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, জনস্বার্থে এবং সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলার সকল অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com