ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেলিম মিয়া (১৫) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর গ্রামে বাড়ির পাশের একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেলিম মিয়া ওই গ্রামের অলিউল্লাহ ওরফে অলি পাগলার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, কিশোর সেলিম মিয়া গত প্রায় এক বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর বাবাও গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন। পারিবারিক কলহের জেরে সেলিমের মা সংসার ছেড়ে চলে যাওয়ায় তাঁদের পারিবারিক ও মানসিক অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। চরম আর্থিক অনটনের কারণে পরিবারটি সেলিমের উন্নত চিকিৎসাও করাতে পারেনি।
এলাকাবাসী আরও জানান, মানসিক অসুস্থতার কারণে এর আগেও সেলিম অন্তত তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। প্রায় ছয় মাস আগে একবার গাছের ডালে ফাঁস দিলে স্থানীয়রা টের পেয়ে রশি কেটে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সর্বশেষ গত দুই-তিন দিন আগেও তিনি একইভাবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু শনিবার সকালে সকলের অগোচরে বাড়ির পাশে একটি গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসিন সোহেল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহায়তায় সেলিমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, নিহত সেলিম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে স্থানীয়রা ও তাঁর পরিবার নিশ্চিত করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

