ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুটি গোয়ালঘরে হানা দিয়ে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় প্রায় ছয় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন দুই সহোদর কৃষক আব্দুল খালেক (৫৫) ও আব্দুল মালেক (৪৮)। সোমবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ১২টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে পরিবারের সদস্যরা ঘুমাতে যান। ফজরের আজানের পর আব্দুল খালেক গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালা খোলা। ভেতরে ঢুকে তিনটি গরু না দেখে তিনি চিৎকার শুরু করেন। তাঁর ডাক শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে দেখেন গোয়ালঘর সম্পূর্ণ খালি। পরে পাশের গোয়ালঘরে গিয়ে আব্দুল মালেকও দেখতে পান তাঁর তিনটি গরুও চুরি হয়ে গেছে।
চুরি যাওয়া গরুর মধ্যে আব্দুল খালেকের দুটি ষাঁড় ও একটি গাভি ছিল। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। অন্যদিকে আব্দুল মালেকের একটি গাভি ও দুটি বকনা গরুর মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। বিশেষ করে মালেকের গাভিটি কয়েক দিনের মধ্যেই বাচ্চা প্রসব করার কথা ছিল। যা নিয়ে পরিবারের ছিল নানা স্বপ্ন ও পরিকল্পনা।
গরু হারিয়ে দিশেহারা আব্দুল মালেক বলেন, আমার ঘরটি খুবই জরাজীর্ণ। গাভিটি বাচ্চা দেওয়ার পর বিক্রি করে নতুন ঘর নির্মাণের পরিকল্পনা ছিল। গরু চুরি হয়ে যাওয়ায় সেই স্বপ্ন ভেঙে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।
আব্দুল খালেক বলেন, আমার ওপর ঋণের চাপ রয়েছে। একটি ষাঁড় গরু বিক্রি করে ঋণ শোধ করার আশা ছিল। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল। এখন আমি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছি।
এদিকে দীর্ঘদিন ধরে গরুগুলোর দেখাশোনা করা মালেকের স্ত্রী মাজেদা খাতুন চুরির ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যদের সান্ত্বনাতেও তাঁর আহাজারি থামছে না।
স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া বলেন, চুরির ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। একই রাতে পাশাপাশি দুটি গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। একটি গরুর সঙ্গে কৃষকের জীবিকা, স্বপ্ন ও ভবিষ্যৎ জড়িয়ে থাকে। দ্রুত গরুগুলো উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। চোরচক্রকে শনাক্ত ও চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com