আবদুল কাদির :
ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান মঙ্গলবার (৯ জুন ২০২৬) হালুয়াঘাট উপজেলার চলমান খাল খনন কর্মসূচির বর্তমান অবস্থা ও কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি খাল খননের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রকল্প বাস্তবায়নের গুণগত মান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন এবং খননকৃত খালের মাধ্যমে স্থানীয় জনগণের সম্ভাব্য উপকারিতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক বলেন, খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধার সম্প্রসারণ এবং প্রাকৃতিক পানি প্রবাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, খাল খনন কার্যক্রম সম্পন্ন হলে এলাকার কৃষি, মৎস্যসম্পদ এবং পরিবেশগত উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে এবং দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যারও সমাধান হবে।

