
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, একেএম হারুন অর-রশীদ, শরীফ নূরুল আবেদীন শরীফ জায়েদী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বৃক্ষ আমাদের জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সরকার দেশের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সকল শ্রেণি পেশার মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। প্রত্যেক নাগরিক যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন তাহলে দেশ আরও সবুজ ও সমৃদ্ধ হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হওয়া প্রয়োজন। সরকারি কর্মসূচির পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বেশি বেশি গাছ লাগাতে হবে। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না এটি মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাস এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। বৃক্ষরোপণের পাশাপাশি সঠিক পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বাঁচিয়ে রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com