তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন/২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পিএফএস ও নন-পিএফএস সদস্যদের অংশগ্রহণে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) সালমা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ময়মনসিংহের অতিরিক্ত উপপরিচালক ডা. উম্মে হাবিবা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউনুস, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জামায়াতের আমির গোলাম কিবরিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা, পিআইও বেগম শাহীন, হিসাবরক্ষক সিরাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার সহ-সভাপতি আজহারুল ইসলাম এবং তাকওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. উম্মে হাবিবা কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জৈব সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
আলোচনায় বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা এবং ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেস কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ এবং উদ্ভাবনী কৃষি প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি করে।
প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষিপণ্যের টেকসই ভ্যালুচেইন গঠন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ ফল ও সবজি চাষ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com