নিজস্ব প্রতিবেদক :
পাট ও পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটের প্রসার এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর কার্যকর বাস্তবায়ন জোরদার করার লক্ষ্যে শেরপুরে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন/২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, শেরপুরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ ফরিদা ইয়াসমিন। সভায় সভাপতিত্ব করেন মোঃ শাকিল আহমেদ।
সভায় পাট অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, শেরপুর প্রেসক্লাব-এর সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পাট ও পাটজাত পণ্য ব্যবসায়ী, উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ সুরক্ষায় পাট ও পাটজাত পণ্যের গুরুত্ব তুলে ধরেন এবং পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শেরপুর অঞ্চলের উর্বর কৃষিজমির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের ঐতিহ্যবাহী ‘সোনালি আঁশ’ পাটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণ পরিবেশ রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং পাটশিল্পের পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে আইন বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে পাট ও পাটপণ্যের বহুমুখী ব্যবহার সম্প্রসারণ এবং পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com