আবদুল কাদির :
ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় বুধবার (২৪ জুন/২৬) জেলার বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা,জনস্বার্থ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে একাধিক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। পৃথক এসব অভিযানে মাদকসেবনের দায়ে কারাদণ্ড, হাসপাতালের দালালচক্রের সদস্যদের আটক এবং বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ধোবাউড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে একজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় এবং তার কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত মাদকদ্রব্যের নমুনা সংগ্রহের পর তা ধ্বংসের নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। এ সময় দুই নারীকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ দিকে
গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সুনন্দা সরকার প্রমার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়। অভিযানে আনুমানিক ১ হাজার ২০০ মিটার চায়না দুয়ারি জাল এবং ৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড, মাদক, দালালচক্র ও পরিবেশ
বিধ্বংসী অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

