ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, শিশুদের মাঝে সুশৃঙ্খলভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ, মাঠপর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম এবং স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, মৎস্য অফিসার উজ্জ্বল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ বেগম সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি বলেন, একটি সুস্থ শিশু মানেই একটি সমৃদ্ধ আগামী। তাই কোনো শিশুই যেন ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।
স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাহাত চৌধুরী ভিটামিন-এ ক্যাম্পেইনের তাৎপর্য তুলে ধরে বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন-এ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের দিন ফুলপুরে ২৪০টি অস্থায়ী ও ১টি স্থায়ীক্যাম্পের মাধ্যমে ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সের ৬৪,৭৫৩ জন শিশুকে এ ক্যাপসুলের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন, ডাঃ বিপ্লব সাহা (এম.ও.ডি.সি)। বক্তারা আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফুলপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হবে এবং উপজেলার প্রতিটি শিশু এর সুফল লাভ করবে।

