
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের বিশেষ বরাদ্দের আওতায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সহায়ক সামগ্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (২৯শে জুন) সোমবার বিকালে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে থেকে উপকারভোগীদের হাতে এ সব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ।
এ সময় ২৭টি হুইলচেয়ার, অসহায় নারীদের জন্য ৫২টি সেলাই মেশিন, প্রায় ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গাছসহ খেলাধুলা সামগ্রী, অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ জনকে ৩৫ বান্ডিল ঢেউ টিন এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের আওতায় ১০ জনকে ২০ বান্ডিল ঢেউ টিন ও ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা প্রদান সরকারের অঙ্গীকারের অংশ। এছাড়াও বিভিন্ন অপরাধ ও মাদক থেকে মুক্ত রাখতে শিশু ও কিশোর-কিশুরীদের খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলার বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহবায়ক, সাবেক মেয়র আমিনুল হক, উপজেলা জামাতের আমির গোলাম কিবরিয়া, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পিআইও বেগম শাহীন, সিএ তারেকুল ইসলাম, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com