ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের সাথে থাকা অজ্ঞাতনামা আরও দুই সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন— আরিফ মিয়া (৩৩) ও মো. সাকিব হাসান (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে ফুলপুর পৌরসভার গোদারিয়া (উত্তর) এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে এসআই মাহাথির বিন মোহাম্মদসহ পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান চালায়।
অভিযানকালে গোদারিয়া এলাকার চেরাগ আলী রাইস মিলের পাশ দিয়ে আনোয়ার খিলাগামী সড়ক থেকে সন্দেহভাজন হিসেবে আরিফ ও সাকিবকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আরিফের কাছ থেকে ৬ পিস এবং সাকিবের কাছ থেকে ৪ পিসসহ মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের সাথে থাকা অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় সুনির্দিষ্ট মামলা রুজু করে আজ মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, এই মামলার ঘটনায় জড়িত এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা বাকি দুই আসামিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

