
২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব-৩২-এর লড়াই শুরুতেই জমে উঠেছে। রাউন্ড অব-৩২ এর দ্বিতীয় দিন বিদায় নিয়েছে দুই পরাশক্তি জার্মানি ও নেদারল্যান্ডস। পরাশক্তিদের মধ্যে শুধু জাপানকে হারিয়ে কোনোমতে শেষ ষোলোয় উঠেছে ব্রাজিল। টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ে এবং নেদারল্যান্ডসকে বিদায় করে পরের রাউন্ডে উঠেছে মরক্কো।
আজ মঙ্গলবার মাঠে গড়াচ্ছে তিনটি ম্যাচ। এর মধ্যে মাঠে নামবে আরেক শিরোপাপ্রত্যাশী ফ্রান্স। তাদের সামনে চ্যালেঞ্জ সুইডেন। একই দিনে আর্লিং হালান্ডের নরওয়ে মুখোমুখি হবে আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্টের। অন্য ম্যাচে স্বাগতিক মেক্সিকো খেলবে ইকুয়েডরের বিপক্ষে।
বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্সের আক্রমণভাগ ইতোমধ্যেই প্রতিপক্ষদের আতঙ্কে ফেলেছে। কিলিয়ান এমবাপে তিন ম্যাচে চার গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন। অন্যদিকে সদ্য ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের বিধ্বংসী রূপ দেখিয়েছেন।
এ দুজনের সঙ্গে মাইকেল অলিসের গতি ও ড্রিবলিং ফরাসি আক্রমণকে আরও ভয়ংকর করে তুলেছে। শক্তিশালী ফরোয়ার্ড লাইন এবং সৃজনশীল মাঝমাঠের কারণে টানা তৃতীয় বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে দিদিয়ের দেশমের দল।
তবে ফ্রান্সের রক্ষণভাগ নিয়েই কিছুটা প্রশ্ন রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে চাইবে সুইডেন। যদিও প্রিমিয়ার লিগের দুই তারকা আলেক্সান্ডার ইসাক ও ভিক্টর গিয়োকেরেস এখন পর্যন্ত নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেননি।
ম্যাচের আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম সতর্ক করে বলেছেন, নকআউটে ভুলের কোনো সুযোগ নেই। ‘সুইডেন টিকে থাকার জন্য খেলছে। তারা জয়ের জন্য সর্বোচ্চটা দেবে। আমাদের বিনয়ী থাকতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচ জেতায় কিছু ভুলের সুযোগ ছিল, কিন্তু এখন দ্বিতীয় সুযোগ বলে কিছু নেই’- বলছেন দেশম।
২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ২০২২ সালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয়েছিল। এবারও তারা শিরোপার অন্যতম দাবিদার।
সুইডেনের বিশ্বকাপ যাত্রা ছিল বেশ ব্যতিক্রমী। ইউরোপিয়ান বাছাইপর্বে নিজেদের গ্রুপে তলানিতে থাকলেও উয়েফা নেশনস লিগে পারফরম্যান্সের সুবাদে প্লে-অফের সুযোগ পায় তারা। এরপর মূল পর্বে এসে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হলেও সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর একটি হিসেবে জায়গা করে নেয় রাউন্ড অব-৩২-এ।
সুইডেন কোচ গ্রাহাম পটার জানেন, ফ্রান্সকে হারাতে হলে অসাধারণ কিছুই করতে হবে। ‘তাদের দলে সর্বত্র মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তারা আগে বিশ্বকাপ জিতেছে এবং তাদের কোচও দুর্দান্ত। আমাদের সামনে দারুণ এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। জিততে হলে জীবনের সেরা ম্যাচ খেলতে হবে’- বলছেন সুইডেন কোচ।
এএনএ
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com