Durnitibarta.com
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে পৃথক তিন মোবাইল কোর্টে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

প্রতিবেদক
Mym Office
জুলাই ৪, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

  • জেলা প্রশাসন,ময়মনসিংহের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করতে পৃথক তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে মোট ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
    শনিবার (৪ জুলাই) সকাল ৬টা ৪৫ মিনিটে ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বড়খিলা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাদক সেবনের দায়ে একজনকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

একই দিন দুপুর ১টায় ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া বারোতোপা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে সিরাজুল ইসলামের ছেলে মো. আকরামুল ইসলাম (৩৪)-কে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এর আগে,শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পিডিবি বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ারের নেতৃত্বে আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য সেবন ও প্রয়োগের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর দুই ব্যক্তির প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ জনগণকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।