
ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আজ রবিবার (২৬ জুলাই) সকালে এই কর্মসূচি পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে পৌরসভার গোলচত্বর ও এর আশপাশের এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম।
এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও এলাকাকে ডেঙ্গুমুক্ত রাখতে পৌর এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করা হয়।
অভিযানকালে ফুলপুর পৌরসভার প্রকৌশলী মাহমুদুল ইসলামসহ পৌরসভা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে বক্তারা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সমানভাবে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে।”
পরবর্তীতে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা সাড়ে ১১টায় পৌরসভার কাজিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক স্কুল পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ উপস্থিত থেকে শিক্ষার্থীদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে উৎসাহিত করেন।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com