নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রীতি (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট/২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৬ নম্বর পূর্বধলা ইউনিয়নের নয়াপাড়া (থানা রোড) এলাকায় বাবুলের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মারিয়া আক্তার প্রীতি উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। সে স্থানীয় দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে মারিয়া মাদ্রাসায় যায়। ছুটি শেষে বাড়ি ফেরার পথে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা তার বাবাকে দেখে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সে সড়কে পড়ে যায়। পরে অটোরিকশাটির একটি চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়।গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে নিহত শিশুর পিতার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের পিতার আবেদনের ভিত্তিতে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com