
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী না থাকার সুযোগে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত রবিবার ২ আগস্ট বিকেল বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম শেষ করে প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা রুমগুলোতে তালা লাগিয়ে নিজ নিজ বাড়িতে চলে যান। পরদিন সোমবার ৩ আগস্ট সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে দেখতে পান অফিস রুমের দরজার তালা লাগানোর হ্যাজবোল্ট (কড়া) কাটা অবস্থায় ঝুলছে এবং সেখানে কোনো তালা নেই। পরে শিক্ষকরা কক্ষে প্রবেশ করে দেখেন, ভেতরে রক্ষিত বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে।
চোরচক্র বিদ্যালয় থেকে ১টি সাউন্ড বক্স, ১টি ওয়াইফাই রাউটার, স্কুল ফিডিং কার্যক্রমের জন্য সংরক্ষিত ১টি রাইস কুকার, ১টি গ্যাসের চুলা ও ১টি গ্যাসের সিলিন্ডার, স্কুল ফিডিং কর্মসূচির ১ বস্তা বনরুটি, ২ কার্টুন প্যাকেট দুধ এবং বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্রসহ আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরপরই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা আশেপাশে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন এবং থানায় লিখিত অভিযোগ জমা দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। অথচ প্রতিটি বিদ্যালয়ে ল্যাপটপ, সাউন্ড সিস্টেম, ডিজিটাল ডিভাইসসহ লক্ষাধিক টাকার সরকারি সম্পদ রয়েছে। নৈশপ্রহরী না থাকায় রাতের বেলা বিদ্যালয়গুলো সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে। জরুরি ভিত্তিতে এসব শিক্ষা প্রতিষ্ঠানে নৈশপ্রহরী নিয়োগ দেওয়া সম্ভব হলে চুরির উপদ্রব বন্ধ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে নিরাপত্তা সুসংহত করতে বিট পুলিশিং ব্যবস্থার পাশাপাশি গ্রাম পুলিশদের কাজে লাগিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে। চুরির সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com